ভূমিকম্প সংঘটনের পূর্বে, ভূমিকম্পকালীন এবং ভূমিকম্প-পরবর্তী করণীয়: প্রাতিষ্ঠানিক ও কমিউনিটি দৃষ্টিকোণ থেকে একটি সমন্বিত বিশ্লেষণ
ভূমিকম্প সংঘটনের পূর্বে, ভূমিকম্পকালীন এবং ভূমিকম্প-পরবর্তী করণীয়: প্রাতিষ্ঠানিক ও কমিউনিটি দৃষ্টিকোণ থেকে একটি সমন্বিত বিশ্লেষণ @মো: আবদুর রহমান মিঞা (লেখক, গবেষক ও প্রাবন্ধিক) ১. ভূমিকা ভূমিকম্প পৃথিবীর অন্যতম ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ, যা মুহূর্তের মধ্যে একটি দেশের জনজীবন, অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কাঠামো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংকটে ফেলে দিতে পারে। ভূমিকম্পের অপ্রত্যাশিত ও হঠাৎ সংঘটিত হওয়ার বৈশিষ্ট্য এটিকে আরও বিপদজনক করে তোলে, বিশেষ করে জনবহুল ও অবকাঠামোগতভাবে দুর্বল রাষ্ট্রগুলোর ক্ষেত্রে। উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত বিজ্ঞানীরা ভূমিকম্পের সুনির্দিষ্ট ও নির্ভুল পূর্বাভাস দিতে সক্ষম হননি; ফলে আগাম প্রস্তুতিই ঝুঁকি হ্রাসের একমাত্র কার্যকর উপায় (UNDRR, 2022)। দুর্যোগ ব্যবস্থাপনার বৈশ্বিক অভিজ্ঞতা বলে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কতটা হবে তা নির্ভর করে — দেশটির প্রস্তুতি , অবকাঠামোর স্থায়িত্ব , মানুষের সচেতনতা , এবং প্রশাসনিক প্রতিক্রিয়ার গতি — এই চারটি উপাদানের ওপর। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো বহু দশক ধরে দুর্যোগ ব্যবস্থা...